খাল খনন প্রকল্পের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে: এমপি ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মাছ চাষের প্রসার এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার বিকেলে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত ইজিপিপি প্রকল্পের আওতায় পিলাক খাল ও তৈইমাতাই খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং গ্রামীণ অবকাঠামো ও প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধারে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































